রাশিয়া আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮
 
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে রাশিয়া আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাশিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহার। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল কবির লিন্টু।
 
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এ পর্যন্ত শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
আলোচনা সভায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙ্গালীর মুক্তির সংগ্রাম কিভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় লাভ করেছে তার বিভিন্ন দিক আলোচিত হয়। বঙ্গবন্ধু কী পরিস্থিতিতে স্বাধীনতার ঘোষণা দেন, তা আলোকপাত করা হয়। ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্বীকার করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
 
সভায় পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে কিভাবে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল- এসব নিয়ে আলোচনা হয়। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ কিভাবে উন্নয়নের পথে এগিয়ে চলছে তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সব শেষে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
 
আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী মো. হাসিবুর রহমান, ড. শেখ হাবিবুর রহমান, প্রবীর কুমার সরকার, মো. সাইফুল ইসলাম, মো. ইব্রাহীম তালুকদার, বিশিষ্ট নেতা প্রেমানন্দ দেবনাথ, যুগ্ম-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর সেলিম প্রমুখ।
 
ইত্তেফাক/এমআর