রুবানা হকের নেতৃত্বে বিজিএমইএ’র নতুন পর্ষদ গঠন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৫২

সম্মিলিত ফোরামের নেতৃত্বদানকারী মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হককে সভাপতি করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামের নির্বাচিত ৩৫ জন পরিচালকের ভোটে এ বোর্ড গঠন করা হয়। রুবানা হক ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৭ জন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রথম সহ-সভাপতি চট্টগ্রামের আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ঢাকা থেকে নির্বাচিত ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি (অর্থ) এম এ রহিম ফিরোজ, সহ-সভাপতি আরশাদ জামাল দীপু, মশিউল আজম সজল ও এ এম চৌধুরী সেলিম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর এই পর্ষদ দায়িত্ব পালন করবে। বিজিএমইএ সূত্র জানিয়েছে, আগামী ২০ এপ্রিল রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সংগঠনের নির্মাণাধীন নতুন ভবনে বোর্ডসভার মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করবে সংগঠনটির বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটি।