দুই যুগ আগে এই অ্যাশেজেই বিশ শতকের সেরা ডেলিভারি দিয়েছিলেন শেন ওয়ার্ন। যা ‘বল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিতি পেয়েছিল। সেই অ্যাশেজেই এবার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এমন এক ডেলিভারি দিলেন যাকে একুশ শতকের সেরা ডেলিভারি হিসেবে আখ্যা দেয়া হচ্ছে।
চলতি অ্যাশেজ সিরিজে রবিবার পার্থে দুর্দান্ত এক ডেলিভারিতে জেমস ভিন্সকে বোল্ড করেছেন স্টার্ক। রাউন্ড দ্য উইকেটে স্ট্যাম্পের বেশ দূর থেকে বোলিং ক্রিজের সীমানা ঘেষে করা স্টার্কের ডেলিভারি মিডল স্টাম্পে পিচ করে একটু দেরিতে সুইং করে অফ স্ট্যাম্প ভেঙে দেয়। ৫৫ রান করা ভিন্সের ব্যাট থেকে বলের ব্যবধান ছিল অনেক। এরপরও ভিন্সের ব্যাটকে ফাঁকি দেয় অনেকটা লেগ স্পিনারের মত।
স্টার্কের ডেলিভারির সময় সেই শেন ওয়ার্নই ছিলেন ধারাভাষ্যে। পরে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ওয়ার্ন লিখেছেন, ‘এটিই কি একুশ শতকের সেরা ডেলিভারি?’ আরেক ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সরাসরি এটিকে ঘোষণা দিয়েছেন ‘বল অব দা সেঞ্চুরি’ হিসেবে। আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ডেলিভারিটি আসলে ছিল ‘আনপ্লেয়েবল’।
বিশ্বের বিভিন্ন দেশের সেরা কিংবদন্তি বোলাররা স্টার্ককে দুর্দান্ত এই ডেলিভারির জন্য প্রশংসা করেছেন। ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার ডেলিভারি দেখে স্মরণ করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। আর ওয়াসিম আকরাম টুইটারে লিখেছেন, ‘কী দুর্দান্ত ডেলিভারি! মিচেল স্টার্ক, তুমি আমাকে আমার বোলিংয়ের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছো। সব বাঁহাতি পেসারকেই তুমি গর্বিত করেছো।’
আর দিনের খেলা শেষে অসহায় ভিন্সের সোজাসাপ্টা বক্তব্য, ‘এই বল যতবার হবে, আমি ততবারই আউট হব।’
ইত্তেফাক/কেআই
