অতীত পেছনে ফেলতে চান ব্যানক্রফট

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৫৭

বল টেম্পারিং কাণ্ডে আসল কাজটা তিনিই করেছিলেন। যদিও স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো দুই মহীরুহ থাকায় তিনি আর বেশি আলোচনায় থাকেন না। কিন্তু বল বিকৃত করার যে মূল কাজটা সেটা নিজ হাতেই করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। ফলে তিনিও নিষিদ্ধ হয়েছিলেন দুই সিনিয়র ক্রিকেটারের সাথে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এখন ক্যারিয়ার নতুন করে শুরু করার অপেক্ষায় আছেন ব্যানক্রফট। বলছিলেন, তিনি এখন ওই বল টেম্পারিং কাণ্ডকে পেছনে ফেলে ডারহামকে কাউন্টিতে শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দিতে চান। ভুলতে চান ওই সময়। তবে এটা মেনে নিয়েছেন যে, লোকদের পক্ষে তাকে ক্ষমা করাটা কঠিন হবে।

২৬ বছর বয়সী ব্যানক্রফটকে কিছুদিন আগে ২০১৯ মৌসুমের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন ডারহাম কাউন্টির ক্রিকেট পরিচালক মার্কাস নর্থ। এটাকে লোকেরা একটা বিস্ময়কর ঘোষণা হিসেবেই দেখেছে। তবে ব্যানক্রফট বলেছেন, তার সামান্য কিছু অভিজ্ঞতা থাকলেও তিনি নেতৃত্বের কাজটা শূন্য থেকেই শুরু করতে চান, ‘হ্যাঁ, আমার প্রথম শ্রেণির ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অনেক অভিজ্ঞতা নেই। তবে আমি জানি, সব অধিনায়কই জীবনে কখনো না কখনো শূন্য অভিজ্ঞতা থেকে শুরু করেছে। আমি এখন সেই জায়গাতেই আছি। আমি আমার সতীর্থদের কাছ থেকে ডারহাম কাউন্টির অংশ হয়ে ওঠার ব্যাপারটা শিখবো।’

ব্যানক্রফটের তরুণ ক্রিকেটার হিসেবে একটা ভালো ভাবমূর্তি ছিলো। কিন্তু গতবছর মার্চে কেপ টাউন টেস্টে তিনিই শিরিষ কাগজ দিয়ে বল ঘষা অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন। এর ধারাবাহিকতায় ১২ মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এই ক্রিকেটার। নিষেধাজ্ঞা শেষে এখন ব্যানক্রফট আশা করছেন, বাকি দুই সতীর্থর মতো তিনিও জাতীয় দলে ফিরতে পারবেন। কিন্তু কাজটা কঠিন হবে বলেই বলছিলেন এই তরুণ ব্যাটসম্যান, ‘এটা (জাতীয় দলে ফেরাটা) আমার জন্য অনেক বড় ব্যাপার হবে। তবে এটাও ঠিক যে, এর বাইরেও আমার জীবনে অসাধারণ সব ব্যাপার আছে। এমনকি পার্থে নিজেদের ওখানে ক্লাব ক্রিকেট খেলাটাও বড় ব্যাপার। আমার মনে হয়, মূল ব্যাপারটা হলো খেলাটা উপভোগ করা। আমি সেটা করতে পারলে ফলাফল এমনিতেই আসবে।’

ব্যানক্রফট স্বীকার করলেন যে, তিনি এই নিষেধাজ্ঞার সময়ে বেশ কয়েকবার ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। এমনকি মনোবিদের সাথেও দেখা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে টিকিয়ে রেখেছে।