মেসির চোটে দুশ্চিন্তায় নেই বার্সা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৫৮

লিওনেল মেসি ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে বার্সার ১-০ গোলের জয়ের দিনে নাকে চোট পেয়েছেন। তবে দলের অধিনায়কের এই চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন কোচ আর্নেস্তো ভালভার্দে।

গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লুক শ’র আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়া ইউনাইটেড তখন মরিয়া হয়ে সমতাসূচক গোলের জন্য ছুটছে। ঠিক এমনই এক সময়ে শূন্যে ভেসে আসা বল দখল করতে মেসির সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হন ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস্টোফার স্মলিং।

এ সময়ে ম্যানইউ ডিফেন্ডার বল দখলে নিলেও তার হাতের আঘাতে নাকে ও চোখে চোট পান মেসি। এর ফলে ক্ষণিকের জন্যে মাঠের বাইরেও যেতে হয়েছিল তাকে। পরে প্রাথমিক চিকিত্সা শেষে ফিরে এসে অবশ্য পুরো ম্যাচই খেলেছিলেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় অধিনায়কের নাক ভেঙে গেছে বলেই আশঙ্কা করেছিলেন দলের সহ-অধিনায়ক সার্জিও বুসকেটস। তবে সংবাদ সম্মেলনে কোচ ভালভার্দে জানিয়েছেন নাকের পর্দায় ছোট একটা চোট ছাড়া বড় কোনো আঘাত পাননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গতকাল বৃহস্পতিবার তার আরও কিছু পরীক্ষা হয়ে যাওয়ার কথা।

ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের পর বার্সা কোচ বলেন, ‘আঘাতটির পর মেসি মোটেও স্বচ্ছন্দে ছিলো না। সে কেমন আছে তা জানার জন্যে আমরা আগামীকাল (গতকাল বৃহস্পতিবার) আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবো। সে ভালোই ছিল, কিন্তু কিছুটা কালশিটে রয়ে গেছে।’

এই চোটের ফলে আগামীকাল শনিবার হুয়েস্কার বিপক্ষে মেসিকে নাও দেখা যেতে পারে। ইউনাইটেডের বিপক্ষে আগামী মঙ্গলবার ফিরতি লেগ দিয়েই মাঠে ফিরবেন বলে ধারণা করা যাচ্ছে।