সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের নিজেদের ঘরেই গণতন্ত্র নেই। তাই দেশের গণতন্ত্র তাদের চোখে পড়ে না।
সোমবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস না করতাম এবং দেশে যদি গণতন্ত্র না থাকতো তাহলে ঢাকায় কি করে আইপিও সম্মেলন হলো। আইপিওর প্রেসিডেন্ট কি করে বাংলাদেশে আসলো। কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের প্রধান কনফারেন্সটি ঢাকায় কিভাবে অনুষ্ঠিত হলো। গণতান্ত্রিক দেশ এবং দেশগুলোর সবচেয়ে বড় দুটি সম্মেলন ঢাকায় হয়ে গেলো। তারা কি বোকার স্বর্গে আছে যে দেশে গণতন্ত্র নেই ওই দেশে তারা গণতন্ত্রের এতো বড় সম্মেলন করবে।
‘দেশ কারাগারে পরিণত হয়েছে’ এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, দেশ যদি কারাগারের মধ্যে থাকতো তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির প্রথম সারির বড় বড় নেতারা একে একে সবাই কি করে কারাগার থেকে বেরিয়ে এসেছে। বড় নেতারা বেড়িয়ে আসছেন।
পদ্মা সেতুর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, যথাসময়ে পদ্মা সেতুর কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ জন্য পুরোদমে আমাদের কাজ চলছে।
তিনি আরো বলেন, জনগণ ফুট ওভার ব্রিজের জন্য দাবি করলেও ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না। তারা রোড ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন। তাই তিনি ওভার ব্রিজ দিয়ে পারাপারের জন্য জনগণকে সচেতন করার পরামর্শ দেন।
এ সময় সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
