ভাগ্য ভালো বসুন্ধরার দুর্ভাগ্য সাইফের

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:০২

ভালো খেললেই জেতা যায় না। ভাগ্যের স্পর্শ দরকার হয়। না হলে গোলের এতো ভালো সুযোগগুলো কেনই বা নষ্ট করবে সাইফ স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের ভাগ্য ভালো বলেই তারা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে। জয় নিয়ে মাঠ ছেড়েছে। গতকাল বিকালে নীলফামারীতে নিজেদের হোম ভেন্যুতে বসুন্ধরা কিংস ৩-২ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। প্রিমিয়ার লিগের এটি বড় ম্যাচ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল নীলফামারীর ভেন্যুতে। কালকের জয় ১১ খেলায় বসুন্ধরা কিংস ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল। এখনও হারের মুখ দেখেনি বড় বাজেটের এই দল। সমান খেলায় চার পয়েন্ট পেছনে আবাহনী। সাইফ স্পোর্টিং ১১ খেলায় ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

নীলফামারীতে বসুন্ধরা এবং সাইফের খেলায় ৫ গোল হয়েছে এবং চারটি গোল হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে সাইফের একটি গোল দেখেছেন স্টেডিয়ামে আসা কয়েক শত দর্শক।

ম্যাচে সাইফ গোল করে এগিয়ে গিয়েছিল মাত্র ২ মিনিটে। কলম্বিয়ান ফুটবলার দিয়েনার আন্দ্রেস গোল করে এগিয়ে দেন সাইফ স্পোর্টিংকে ১-০। বসুন্ধরার ব্রাজিলীয়ান মার্কেসা ভিনিস্যুয়াস ৩১ মিনিটে গোল করে সমতা আনেন ১-১। এই ফুটবলার আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে দুই গোল করেছিলেন। রাশিয়া বিশ্বকাপে খেলা কোষ্টারিয়ান আক্রমণভাগের ফুটবলার কলিন্দ্রেস মোহামেডানের বিপক্ষে খেলতে পারেননি। গতকাল মাঠে নামলেও বসুন্ধরার ম্যাচ জিততে কষ্ট হয়েছে। এই দানিয়েল কলিন্দ্রেস গোল করে বসুন্ধরাকে এগিয়ে দিলেন ২-১। অন্যদের পেছন থেকে গড়িয়ে বলে বসুন্ধরার ফিনিশিংয়ে ছিলেন তিন বিদেশি। মার্কোস, কলিন্দ্রেস, কিরগিজস্তানের বখতিয়ার দুশহোবিকভ। প্রথম দুই জনে বড় ভূমিকা রাখলেন গোল শোধ করলেন এবং গোল করে এগিয়ে দিলেন। কিরগিজ ফুটবলার বখতিয়ার প্রথমার্ধেই বাঁশি বাজার আগেই স্কোর বোর্ডে গোলের সংখ্যা বাড়িয়ে দিলেন। ইনজুরি টাইমে বখতিয়ার গোল করেন ৩-১। দ্বিতীয়ার্ধে সাইফ ভালো খেললেও গোলের সুুযোগ কাজে লাগেনি। দুর্ভাগ্যের বেড়াজালে আটকে গিয়েও সাইফ স্পোর্টিংয়ের রাফি ৫৬ মিনিটে গোল করে ব্যবধান কমান ২-৩। কিন্তু ড্র কিংবা জয়ের সুযোগ কাজে লাগাতে না পারা সাইফ স্পোর্টিং কষ্ট নিয়ে মাঠ ছাড়ে। আফসোস নিয়ে মাঠ ছাড়ে। এই একই ভেন্যুতে বসুন্ধরার শেষ খেলা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে । গোপালগঞ্জে সাইফের শেষ খেলা মুক্তিযোদ্ধার বিপক্ষে, ১৯ এপ্রিল।

ঢাকায় জিতেছে শেখ রাসেল

সিলেট হতে ফিরে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র জয় তুলে নিয়েছে। সিলেটে ড্র করেছিল কাল ঢাকায় শেখ রাসেল ২-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে জয়ে ফিরেছে।

আজকের খেলা ঃ নোফেল ও চট্টগ্রাম আবাহনী। ৩টা ৩০, শহীদ ভুলু স্টেডিয়াম নোয়াখালী। মোহামেডান ও মুক্তিযোদ্ধা। ৩টা ৩০, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ।