মার্কিন আকাশকে বিদায় জানাচ্ছে বোয়িং ৭৪৭

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২১:২১
মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে আর ডানা মেলতে দেখা যাবে না জাম্বো জেট বোয়িং ৭৪৭-কে। আগামী সপ্তাহের শুরুতেই ডেল্টা এয়ারলাইন্সের হয়ে শেষ বারের মতো বাণিজ্যিক ভাবে উড়তে দেখা যাবে ঐতিহাসিক এই বিমানটিকে।
 
ওই দিন সিউল থেকে ডেট্রয়েট যাবে বিমানটি। তাই বিমান সংস্থাটি বুধবার কর্মী ও বিশেষ যাত্রীদের নিয়ে নস্টালজিক সফরের ব্যবস্থা করেছে। শেষ বারের মতো এই বিমানে সফরের জন্য তাই টিকেটের চাহিদাও হু হু করে বেড়েছে।
 
১৯৬৯ সালে এই জাম্বো জেট আকাশে ডানা মেলে। প্রথম থেকেই যাত্রীদের মধ্যে এর চাহিদা ছিল ব্যাপক। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টদেরও পছন্দের বিমান এই ৭৪৭। বোয়িং সংস্থার প্রধান মাইকেল লোম্বার্ডি ঐতিহাসিক এই বিমান সম্পর্কে বলেন, ‘বিমান পরিবহণ ব্যবস্থায় দারুণ পরিবর্তন এনে দিয়েছে এই বোয়িং-৭৪৭।’
 
মার্কিন আকাশে একে উড়তে না দেখা গেলেও লুফথহানসা, ব্রিটিশ এয়ারওয়েজ এবং কোরিয়ান এয়ারলাইন্স কিন্তু ৭৪৭-কে বহাল রাখছে। ফ্লাইটগ্লোবাল অ্যাসেন্ড জানিয়েছে, এখনও ৫০০টি বোয়িং ৭৪৭ বিমান পরিবহনে সক্রিয় রয়েছে। এই বিমানকে আগেই বিদায় জানিয়েছে ফ্রান্স। এ বার মার্কিন যুক্তরাষ্ট্রও সেই পথে হাঁটল। তবে সংস্থার আধিকারিকরা জানাচ্ছেন, বোয়িং ৭৪৭-এর মাহাত্ম্যই আলাদা। এবং এটি তৈরি বন্ধও করা হচ্ছে না। আপাতত পণ্য পরিবহণ এবং বিশেষ অর্ডারের ভিত্তিতে জাম্বো জেট তৈরি করবে বোয়িং। ব্লুমবার্গ।
 
ইত্তেফাক/সাব্বির