ফ্রান্সের মাটিতে পাকিস্তানি পাইলটদের রাফাল বিমান ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এই খবরকে ভুয়া বলে জানালো ফরাসি সরকার। ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আলেকজান্ডার জিয়েগলার বলেছেন, এই খবর যে ভুয়া, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফরাসি দূতাবাস থেকে এনডিটিভিকে জানানো হয়েছে, এই খবর নিয়ে সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখেছে তারা। খবর আনন্দবাজার পত্রিকার
কাতারের বিমান সেনার হাতে থাকা রাফাল যুদ্ধবিমানের সাহায্যে নিজেদের পাইলটদের এই বিমান ওড়ানো শিখিয়ে নিয়েছে পাকিস্তান, এই খবর প্রকাশের পর থেকেই বাড়ছিল উদ্বেগ। সেখানে বলা হয়েছিল, ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের মাটিতে চলেছিল এই প্রশিক্ষণের কাজ। এই খবরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হওয়ার কথা ভারতের। কারণ, অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের সাহায্যেই আকাশ যুদ্ধে নিজেদের এগিয়ে রাখার পরিকল্পনা ভারতের। এআইএন অনলাইন ডট কম নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এই রিপোর্টটি।
