নুসরাত হত্যার বিচার দাবিতে সারাদেশে মানববন্ধন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:১৪

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ, ধর্ষক ও হত্যাকারী সিরাজ-উদ-দৌলার সর্বোচ্চ বিচার দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর:

স্টাফ রিপোর্টার, রাজশাহী:শ্লীলতাহানির প্রতিবাদ করায় গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার শিকার ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, দি হাঙ্গার প্রজেক্ট, ইয়ূথ এন্ডিং হাঙ্গার রাজশাহী, সুজন-সুশাসনের জন্য নাগরিক রাজশাহী জেলা ও মহানগর কমিটি, পিপিজি রাজশাহী, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে নগরীর সাহেব বাজার ও আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্ত্বরে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। অন্যদিকে দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্ত্বর এবং সাহেব বাজার জিরোপয়েন্টে পৃথক মানববন্ধনে বক্তারা নুসরাতকে শ্লীলতাহানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রংপুর: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হান বকসীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংগঠক সাজু রায়, কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন, সদস্য অর্চনা রায়, বেগম রোকেয়া কলেজের সংগঠক লিপি রায় প্রমুখ।

কুমিল্লা:ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানিসহ অগ্নিসংযোগে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে কালেজের সকল ছাত্র সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে অবিলম্বে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ অভিযুক্তদের ফাঁসি দাবি করেন। এ দাবিতে তারা কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন। এতে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষার্থী রমজান, রাজিব, রিপন, উম্মে হাবিবা জ্যোতি, নীরব, ইয়াছিন ও আলিমা প্রমুখ।

উলিপুর (কুড়িগ্রাম): উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে শহরের মসজিদুল হুদা মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার প্রমুখ।

শাবি (সিলেট): বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শতাধিক শিক্ষার্থী ‘ধর্ষণ ও সকল যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আমার মাটি আমার মা ধর্ষকের অভয়ারণ্য হবে না, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক, তনু আফসানা নুসরাতের শেষ কোথায়’ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসসহ বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে নুসরাতকে নিপীড়ন এবং পরবর্তীতে অগ্নিসংযোগে হত্যাকারীদের ফাঁসির দাবি করা হয়। পাশাপাশি এই বিচার বন্ধ করতে যারা নানা ধরনের কূটকৌশল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

কুবি (কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

এ সময় নুসরাত হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ধর্ষক ও হত্যাকারীদের ক্রসফায়ারে মারা হোক। তাহলে আর কেউ এমন অনৈতিক কাজ করার সাহস পাবে না। এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ১০ এপ্রিল চিকিত্সাধীন অবস্থায় নুসরাত মারা যায়।