ভারতে খ্রিস্টানদের বড়দিন পালনে বাধা দিচ্ছে কট্টরপন্থী হিন্দু সংগঠন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১০:৪৮
ভারতে খ্রিস্টানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব বড়দিন পালনে বিভিন্ন কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীর দিক থেকে বাধার মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের সাতনায় গত সপ্তাহে ক্রিসমাস ক্যারল গাওয়ার সময় বজরং দলের কর্মীরা একদল খ্রিস্টানের ওপর হামলা চালায় ও পুলিশ পরে ওই গায়কদেরই গ্রেপ্তার করে। 
 
সোমবার হিন্দু জাগরণ মঞ্চ নামে আর একটি সংগঠন উত্তরপ্রদেশের আলীগড়ে বলেছে, স্কুলে হিন্দু ছাত্রদের কিছুতেই বড়দিন পালনে সামিল করা যাবে না। এই ধরনের নানা ঘটনার পটভূমিতে ভারতে ক্যাথলিক বিশপদের সর্বোচ্চ সংগঠন মনে করছে, বড়দিন পালনের ক্ষেত্রে তাদের এই ধরনের হুমকিতে আগে কখনো পড়তে হয়নি।
IMG0
মধ্যপ্রদেশের সাতনা জেলায় চার-পাঁচদিন আগে গ্রামের রাস্তায় ক্রিসমাস ক্যারল গাইতে গাইতে যাচ্ছিলেন দু’জন যাজকসহ একদল খ্রিস্টান। হঠাৎ উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কিছু লোকজন তাদের রাস্তা আটকে অভিযোগ তোলে, তারা এলাকায় ধর্মান্তরকরণ করছেন। পুলিশ এসে ওই খ্রিস্টানদেরই গ্রেপ্তার করে, হামলাকারীরা তাদের একটি গাড়িও জ্বালিয়ে দেয়। 
IMG1
এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া বলেছে, দেশের নানা প্রান্তে এই ধরনের ঘটনা তাদের গভীরভাবে বিচলিত করে তুলেছে। কনফারেন্সের সেক্রেটারি জেনারেল বিশপ থিওডোর মাসকারেনহাস বলেছেন, এদেশে এখন যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঐতিহ্য আছে ভারতে এবং অতীতে উড়িষ্যার কান্ডামাল আর গুজরাটের ডাং এলাকায় কিছু ঘটনা ছাড়া কখনো ভারতে খ্রিস্টানদের এমন হামলার মুখে পড়তে হয়নি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু