সোমেশ্বরী নদীর খাড়ামুড়ায় ৪৬ বছরেও ব্রিজ নির্মাণ হয়নি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ০১:২৯

সোমেশ্বরী নদীর শ্রীবরদী উপজেলার খাড়ামুড়ায় ৪৬ বছরেও নির্মিত হয়নি ব্রিজ। ফলে এ পথে যাতায়াতকারী হাজারও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। গ্রামবাসীরা জানায়, দেশ স্বাধীনের পর এ নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি উঠে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া যায়। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি।

বালিজুরী খাড়ামুড়া দু’গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত এ নদীর উপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু ব্রিজের অভাবে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হয়। গবাদিপশু নিয়ে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার। ব্রিজের অভাবে এলাকার উত্পাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারে না কৃষকরা।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে বালিজুরী গ্রামের নুরু মিয়া এখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। এ সাঁকো দিয়ে পারাপার হয় পথচারীরা। নুরু মিয়া প্রতিজন পথচারীর কাছ থেকে সাঁকো নির্মাণের খরচ বাবদ পাঁচ টাকা করে নেন। নুরু মিয়া গত চার বছর থেকে এভাবে টাকা উত্তোলন করে আসছেন। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানির তোড়ে টিকে থাকতে পারে না সাঁকো। তখন এ পথে যাতায়াতের একমাত্র মাধ্যম হয় নৌকা।

ইত্তেফাক/নূহু