চলছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে শহরজুড়ে এখন শুধুই উৎসবের আমেজ। দেখুন তা ছবিতে, রংপুর সিটি কর্পোরেশনের ভোটকেন্দ্র থেকে ছবিগুলো পাঠিয়েছেন রাউফুর শিথিল।
IMG0
প্রথমবারের মত দলীয় প্রতীকে এই ভোটযুদ্ধের মধ্য দিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন রংপুরের দ্বিতীয় নগর পিতা। কে হচ্ছেন নগর পিতা- এনিয়ে গোটা শহরে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মধ্য থেকে নির্বাচিত হবেন নগর পিতা।
IMG1
এবার নির্বাচনে মোট ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে মোট ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এছাড়া সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশে এই প্রথম সিটি নির্বাচনে রংপুর বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট নেয়া হবে বলে জানা গেছে।
IMG2
১৯৩টির মধ্যে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে ৩৬ প্লাটুন বিজিবি, ৫ হাজার পুলিশ, দুই হাজার ৭শ আনসার সদস্য, সিটির ৩৩টি ওয়ার্ডে ৩৩টি মোবাইল টিম এবং ৩৩টি র্যাবের টিম রয়েছে। এছাড়াও ১৬টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পুরো এলাকায় বসানো হয়েছে ৮টি চেকপোস্ট।
IMG3
এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
ইত্তেফাক/আনিসুর
