জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:২৯

একের পর এক ঢাকার কড়াইল বস্তি, চকবাজার ও মিরপুরে আগুন। সেই শোক কাটিয়ে উঠার আগেই আগুন লাগে বনানীর এফ আর টাওয়ারে। দুদিনের মাথায় গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে। বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি। সবচেয়ে করুণ- আগুনে আটকাপড়ে বহু মানুষের অসহায়ত্ব। প্রতিটি ঘটনায়ই যত দ্রুত সম্ভব সাড়া দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে কখনোবা ধসেপড়া স্থাপনার নিচ থেকে, কখনো বহুতল ভবনে আগুনের ভেতর থেকে মানুষকে বের করে আনেন তাঁরা। পেশার মর্যাদা রক্ষার পাশাপাশি মানবতার টানে জীবনের ঝুঁকি নেন তাঁরা। পরিবার-পরিজনের দুশ্চিন্তা মনে রেখেও, তাঁরা প্রাণপণ চেষ্টা করে যান যাতে অন্যরা নিরাপদে বাড়ি ফিরতে পারেন। অসহায় মানুষের প্রাণ বাঁচানোর আত্মতৃপ্তিই তাঁদের বড় পাওয়া।

এই অসীম সাহসী অগ্নিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে গতকাল বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজন করে এক সম্মাননা অনুষ্ঠানের। কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের উর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ-এর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্ণেল এস এম জুলফিকার রহমান। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক ব্যাংক, বিকাশ, ই-ডট-কো বাংলাদেশ, আইপিডিসি ফিন্যান্স, ব্র্যাক নেট, গার্ডিয়ান লাইফ ইন্সিউরেন্স, ব্র্যাক আইটি সার্ভিসেস এবং একাত্তর টিভি।

অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে ৪ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় সম্প্রতি এফ আর টাওয়ারে আগুনের সময় উদ্ধারকাজ চলাকালীন আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারানো ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে। ৩ লাখ টাকা অনুদান দেওয়া হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রাস্টের তহবিলে। এছাড়াও, বিভিন্ন সময় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া মানুষ ফুলের তোড়া ও সম্মাননাপত্র তুলে দেন ১০ জন ফায়ার সার্ভিস কর্মীর হাতে। এই ১০ জন হচ্ছেন—ফায়ারম্যান সোহাগচন্দ্র কর্মকার, বিষ্ণুপদ মিস্ত্রী, জাকির হোসেন, কাজী সোহাগ, শহীদুল ইসলাম, জুয়েল মাহমুদ, মফিজুল ইসলাম, আলমগীর হোসেন, নাজির হোসেন, মোক্তার হোসেন।