টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজছাত্রীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিাবার বেলা সাড়ে ১১টায় মিছিলটি সখীপুর আবাসিক মহিলা কলেজ থেকে শুরু হয়ে সখীপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একপর্যায়ে মিছিলে অংশগ্রহণকারীরা সখীপুর থানার সামনে অবস্থান নেয়। পরে তারা মোখতার ফোয়ারা চত্বরে সমাবেশ ও সড়ক অবরোধ করে। সমাবেশে কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, বাংলা বিভাগের শিক্ষক মুহাম্মদ আবদুল আলীম, অধ্যাপক রফিক-ই রাসেল, অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘণ্টাব্যাপী অবরোধ চলায় ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজছাত্রীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় ৫ যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস থেকে অটোভ্যানযোগে সখীপুরে বাজারে যাওয়ার পথে রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে মুখোশপড়া তিন বখাটে তাদের গতিরোধ করে। পরে ভ্যান থেকে তাদের নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে। পরে তাদের চিৎকারে স্থানীয় ফাহাদ ট্রেডার্সের মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে বখাটেরা তাকেও মারপিট করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।
ইত্তেফাক/ইউবি
