‘‌চট্টগ্রাম বন্দরে ৫১টি আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১০
 
চট্টগ্রাম বন্দরে দ্রুত মালামাল উঠানামার লক্ষ্যে শিপ-টু-শোর গ্যান্ট্রিক্রেনসহ ৫১টি আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে ইতোমধ্যে ১৮টি সংগ্রহ হয়েছে।
 
আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়।
 
এসব যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার কাজে ব্যবহৃত হবে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
 
৫১টি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১০টি গ্যান্ট্রি ক্রেন, ২০টি রাবার টায়ার গ্যান্টি ক্রেন (আরটিজি), ১০টি স্ট্রাডেল ক্যারিয়ার (এসসি), একটি রেল মাউন্টেড ইয়ার্ড ক্রেন, একটি মোবাইল হারবার ক্রেন, পাঁচটি কন্টেইনার মোবার ও চারটি খালি কন্টেইনার হ্যান্ডিলিং রিচ স্টেকার।
 
সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সভাপতিত্ব করেন।মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) মো. শাহাদৎ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর জুলফিকার আজিজ এসময় উপস্থিত ছিলেন।
 
সভায় জানানো হয়, ছয়টি গ্যান্ট্রি ক্রেন সংগ্রহের এলসি খোলা এবং চারটি গ্যান্ট্রি ক্রেন সংগ্রহের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তিনটি আরটিজি এনসিটি-তে সংযোজিত হয়েছে এবং আরো চারটি আরটিজি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
 
এছাড়া দুটি আরটিজির শিপমেন্ট করা হয়েছে ও দুটি আরটিজির জন্য এলসি খোলা হয়েছে। ছয়টি আরটিজি সংগ্রহের দরপত্র পর্যালোচনা করা হচ্ছে। তিনটি আরটিজি সংগ্রহের দরপত্র আগামি জানুয়ারিতে আহ্বান করা হবে।চারটি এসসি চট্টগ্রাম বন্দরের ফ্লিটে যুক্ত হয়েছে। তিনটি এসসির এল সি খোলা হয়েছে এবং বাকি তিনটি এসসি সংগ্রহের দরপত্র অনুমোদনের অপেক্ষায় আছে।
 
এদিকে পাঁচটি কন্টেইনার মোবার বন্দরের ফ্লিটে যুক্ত হয়েছে। এছাড়াও রেল মাউন্টেড ইয়ার্ড ক্রেন, মোবাইল হারবার ক্রেন ও চারটি খালি কন্টেইনার হ্যান্ডিলিং রিচ স্টেকার সংগ্রহের জন্য এলসি খোলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে