ভূমি সেবা সপ্তাহ ও উন্নয়ন কর মেলা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:৩২

প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা’। গতকাল শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের জাতীয় চিত্রশালায় ঢাকা মহানগরী অঞ্চলের ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। বিভাগীয় কমিশনের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। তবে আজ থেকে ঢাকা মহানগরীর ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা পাবেন গ্রহীতারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তরসহ সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এতে তাদের ভোগান্তি কম হবে। ঢাকা বিভাগের কমিশনার কে এম আলী আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব (ভারপ্রাপ্ত) মাকছুদুর রহমান পাটওয়ারী। এছাড়া বক্তব্য রাখেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মো. শাহজাহান প্রমুখ।