আমরা সব কিছুই লিপিবদ্ধ করে রাখছি: রিজভী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, অন্যায় ও অপকর্ম করে ভাবছেন পার পেয়ে যাবেন। কিন্ত তা হবে না। এখন প্রতিশোধ নেওয়া সময় এসেছে। প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তর। সমস্ত কিছুর হিসাব আপনাদের একদিন দিতে হবে।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক আমার দেশ পরিবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও পত্রিকা খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে রিজভী এ কথা বলেন।
 
রিজভী বলেন, সরকার দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার সপ্তাহে দুই-তিনদিন আদালতে হাজিরা দিতে বাধ্য করছে। আইন মন্ত্রণালয় থেকে কোন কর্মকর্তার ও কার নির্দেশ আদালতে যায় সেগুলোও আমরা জানি। আমরা সব কিছুই লিপিবদ্ধ করে রাখছি। আপনাদের সব অপকর্মের প্রতিটি অক্ষর লিপিবদ্ধ থাকছে।
 
রিজভী বলেন, মিথ্যা কথা বলার জন্য আওয়ামী লীগ একটি উন্নত মানের প্রতিষ্ঠান। সেখানে সেঞ্চুরি হয় নারী নির্যাতন ও টেন্ডারবাজি করে। আর সেই প্রতিষ্ঠানের যিনি হেড মাস্টার, তিনি তো বেগম জিয়ার নামে বলবেন, তার বাইরে এই আছে, সেই আছে। তাহলে প্রমাণ কই?
 
রুহুল কবির রিজভী বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কি হয়েছে, আমরা জানি না? আমরা জানি। গণমাধ্যমে সব কিছু এসেছে। এরপরও মিথ্যা প্রচার করে সব ঢেকে রাখবেন।
 
জাতীয় প্রসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম আব্দুল্লাহ, এম এ আজিজ, জাহিদ চৌধুরী, শহীদুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্যে রাখেন।
 
ইত্তেফাক/এমআই