বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ তৈরিতে শিক্ষা হলো পূর্বশর্ত। তাই বর্তমান সরকার শিক্ষাসহ সকল ক্ষেত্রে সুষম উন্নয়ন ও শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান প্রজন্মকে আগামীতে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি ঐতিহ্যবাহী মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রীদের এ লক্ষ্যে কাজ করে যাবার আহ্বান জানান।
মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাক্কির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, অত্র বিদ্যালয়ের ছাত্র ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা সরওয়ার জাহান বাদশা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম তোহা, খুলনা বিএল কলেজের অধ্যাপক বজলুল করীম, আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ডা. আবু সাইদ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
