মির্জাপুরে মানিকগঞ্জের খাদ্য কর্মকর্তা নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২৩:০১

আত্মীয়ের জানাজা পড়তে এসে ট্রেনলাইনের ব্রিজ থেকে পড়ে মো. রফিকুল ইসলাম(৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জের খাদ্য কর্মকর্তা।

গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। খাদ্য কর্মকর্তার নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

আজ শনিবার মির্জাপুর থানার উপ-সহকারী পুলিশ কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, রফিকুল ইসলামের পিতার নাম মো. আব্দুর রাজ্জাক। বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর গ্রামে। গতকাল বাওয়ার কুমারজানি গামে ভগ্নিপতি জহিরুল ইসলামের বাড়িতে এক আত্মীয় মারা গেলে তার জানাজা পড়ার জন্য স্ত্রী তাহমিনা বেগম ও বড় বোন রোকেয়া বেগমকে সঙ্গে নিয়ে আসেন।

রাতে জানাজা শেষ করে ট্রেনলাইনের ওপর দিয়ে পায়ে হেটে ভগ্নিপতির বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাওয়ার কুমারজানি মধ্যপাড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ পা পিছলে রফিকুল ইসলাম ব্রিজ থেকে নিচে পড়ে পানিতে ডুবে যান। স্ত্রী ও বড় বোনের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রাতে মির্জাপুর থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু