ব্যাপক গণবিক্ষোভের মুখে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতা থেকে উত্খাত করে তাকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার টিভিতে এক ঘোষণায় বলেন, একটি সামরিক কাউন্সিল দুই বছর মেয়াদের এক অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে এবং তার পর নতুন সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর এই পদক্ষেপের মাধ্যমে বশিরের ৩০ বছরের শাসনের অবসান হলো। তাকে গদিচ্যুত করার খবর প্রচারিত হতে না হতেই রাজধানী খার্তুমসহ গোটা দেশের রাস্তাঘাটে বাধভাঙ্গা উল্লাসে জনতার ঢল নামে। তারা নেচে গেয়ে নানারকম বাদ্য বাজিয়ে আনন্দ প্রকাশ করে।
গত ডিসেম্বর থেকেই বশিরের বিরুদ্ধে জনতার বিক্ষোভ চলছিল এবং এসময় সহিংসতায় বেশি কিছু লোক নিহত হয়েছে। ১৯৮৯ সালে ব্রিগেডিয়ার ওমর আল বশির আরো কিছু ইসলামপন্থী সেনাকর্মকর্তাকে সাথে নিয়ে সুদানের সর্বময় ক্ষমতা দখল করেন। তিনিই হচ্ছেন দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট। ক্ষমতাসীন হওয়ার পর তাকে উত্খাতের চেষ্টা এর আগেও হয়েছে। তবে তা সফল হয়নি।
এবারের গণবিক্ষোভের অন্যতম কারণ ছিল দেশটির অর্থনৈতিক দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। তবে ধীরে ধীরে তা বশিরের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে পরিণত হয়। তাকে ক্ষমতাচ্যুত করার পর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আওয়াদ ইবনে আউফ টিভিতে বলেন, দেশে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং জনগণ গরিব থেকে আরো গরিব হয়ে পড়ছিল। এই বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য তিনি দু:খ প্রকাশ করেন। এছাড়া এক মাসব্যাপী কারফিউ এবং সব সীমান্ত বন্ধ রাখার কথাও ঘোষণা করা হয়। ৭৫ বছর-বয়স্ক বশিরকে গ্রেফতার করে গোপন স্থানে রাখা হয়েছে। ইতিমধ্যে গোটা রাজধানী খার্তুমে সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া প্রতিবাদকারীরা ‘সরকারের পতন হয়েছে, আমরা জিতেছি’ বলে শ্লোগান দিচ্ছে।
সেনাশাসনের বিরুদ্ধে
একটি পক্ষ
এদিকে, একাধিক মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, খার্তুমের বিক্ষোভকারীদের একটি অংশ সামরিক অভ্যুত্থানে খুশি হয়নি। তাদের আশঙ্কা, অভ্যুত্থানের কারণে এই আন্দোলনের সুফল সাধারণ জনগণ পাবে না। গ্রুপটি অন্তর্বতী সামরিক সরকার প্রতিষ্ঠার এই ঘোষণা প্রত্যাখ্যান করছে। কারণ তারা বেসামরিক লোকদের দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার চায়, সামরিক বাহিনীর লোকদের দিয়ে নয়। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। -বিবিসি, রয়টার্স
