বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমানতের বিপরীতে ব্যাংকগুলো গ্রাহককে যে টাকা সুদ দেয় আর তারা যে টাকা সুদ নেয় এই দুইয়ের পার্থক্য ৫ শতাংশের বেশি। যা বিশ্বের কোথাও নেই। এটা রীতিমত ডাকাতি। বিশ্বের অন্যত্র এই পার্থক্য ২/৩ শতাংশের বেশি নয়।
তিনি বৃহস্পতিবার ঢাকায় বিদ্যুত্ ভবনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত জেলা প্রতিনিধিদের সম্মেলন ও ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার নির্দেশনা দিলেও ব্যাংকগুলো সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনছে না। অথচ সুদের হার কমলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং তাতে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি বলেন, ভোক্তা অধিকারের বিষয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হলে সচেতনতা বাড়বে। এতে জাতি উপকৃত হবে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হবে। শিক্ষার্থীরা ছাত্রজীবন থেকেই ভোক্তার অধিকার সম্পর্কে জানতে পারবে। বাস্তব জীবনে এসে তা কাজে লাগানোর সুযোগ পাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। দেশব্যাপী এখন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাজারে অভিযান পরিচালনা করে অপরাধীদের জেল-জরিমান করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাগণ এ বিষয়ে সচেতন হলে বেশি ফল পাওয়া যাবে। ভোক্তাদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে, এতে ভালো ফল পাওয়া যাচ্ছে।
টিপু মুনশি বলেন, মানুষ যাতে প্রতারিত না হন, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। ব্যবসায়ী ও ভোক্তা উভয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। দেশের মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ক্রেতা যাতে প্রতারিত না হয়, সে জন্য নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে অবদান রাখতে হবে।
ক্যাব-এর সভাপতি সাবেক সচিব গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহম্মদ একরামূল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।
