নুসরাতের খুনিদের দ্রুত বিচারে শাস্তি দিন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২৩:০৭

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির চিহ্নিত খুনিদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে অবিলম্বে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে মাদক মুক্ত সমাজ ও নিরাপদ সড়কের দাবি আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক নির্মূলের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে এই সব সামাজিক অবক্ষয় দূর করতে সমাজের সকল শ্রেণি পেশার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই এই সামাজিক অবক্ষয় দূর হবে। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, নুসরাত জাহান রাফির খুনিদের কঠোর শাস্তি দিতে হবে-যাতে অন্য কেউ কোনো দিন এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর সাহস না পায়।

৯৫ ভাগ বিবাহ বিচ্ছেদের কারণ ফেসবুক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেন, ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে ফেসবুকের দিকে ঝুঁকে পড়ছে। অভিভাবকরা যারা এখানে আছেন আপনারা ছেলে মেয়েদের স্মার্ট ফোন কিনে দেওয়ার আগে এই বিষয়গুলো চিন্তা করবেন। ফেসবুকে চ্যাটিংয়ের কারণে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সন্দেহ করছে; কলহ দিন দিন বাড়ছে। বছরের ৩০ হাজার বিবাহ বিচ্ছেদ হলে এর মধ্যে শতকরা ৯৫ ভাগ বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই ফেসবুকের কারণে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।