বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি পাওয়ায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর যৌথ উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রবিবার নিউইয়র্কে স্থানীয় এস্টোরিয়ার এথেন্স পার্কে সকাল ১১টায় শুরু হয় এই শোভাযাত্রা।
আনন্দ শোভাযাত্রায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী এবং বাংলাদেশ মিশন ও কনস্যুলেট এর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর কনসাল জেনারেল শামীম আহসান।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন ‘জাতির পিতার ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের দলিল। যে ঐতিহাসিক পদক্ষেপ ইউনেস্কো থেকে নেওয়া হয়েছে, তা এরকম আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি।’
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ইউনেস্কো ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে।
ইত্তেফাক/কেআই
