সড়কে ঝরল ৯ প্রাণ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২৩:১৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি ফল প্রত্যাশীসহ ছয়জন নিহত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

দিনাজপুর: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনিসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। এরা সকলেই মোটরসাইকেল আরোহী। বীরগঞ্জে গত বুধবার পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোছা. জহুরা বেগম (৫০) ও তার নাতনি জুই আকতার (৫) নামে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. সজিব (২১) এবং মোছা. জান্নাতুন (৭) নামে দুইজন আহত হয়েছে। জহুরা বেগম উপজেলা নিজপাড়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী ও জুই আকতার মো. জহরুল ইসলামের মেয়ে। এদিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় হাসান আলী (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের মোহনপুর ব্রিজের টোল আদায় অফিসের সামনে এ ঘটনা ঘটে।

চাটমোহর (পাবনা): চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার শিমুলতলায় গতকাল ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এরা হলেন- পাবনা সদর উপজেলার রবিউল করিমের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও লস্করপুর গ্রামের মতিউর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন (৪৮)। গুরুতর আহত হন অটোভ্যান চালক আনসার আলী মোল্লা (৫০)। ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার ওসমান প্রাংকে আটক করে।

গাইবান্ধা: গতকাল সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি (নির্মাণ শ্রমিক) আজাদুল ইসলাম (২৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের উপজেলার শোভাগঞ্জ বাজার এলাকার মরুয়াদহ ব্রিজের পশ্চিম পাশে চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক এবং তার চালাককে আটক করা হয়েছে।

মাদারীপুর: মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের মঠেরবাজারে বুধবার রাতে ট্রাকের সামনের দিকে ঢুকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। এরা হলো- জুম্মান সুমন (১৭) ও দিগন্ত (১৭)। তারা দুইজন বন্ধু। তারা এবছর একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের তুলাসার গ্রামের বাসিন্দা দিগন্ত ও উত্তর বালুচরার বাসিন্দা জুম্মান পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-ব্রাহ্মণডোরা সড়কের ভোলানাথ নামক স্থানে মোটরসাইকেল চাপায় শাওন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সে বিষাউড়া গ্রামের আনু মিয়ার পুত্র।