জানুয়ারি থেকে পাবনা-রাজশাহী রুটে রেল চলবে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১১:১৯
 
বর্তমান সরকারে উন্নয়নের আরেকটি সুবিধা পাচ্ছে পাবনাবাসী। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হচ্ছে পাবনাবাসীর। ২০১৮ সালের জানুয়ারিতেই নব নির্মিত রেল লাইন দিয়ে পাবনা-রাজশাহী রেল চলবে। বৈরী আবহাওয়ার কারণে পাবনা রেল পথ নির্মাণে সময় ও অর্থ বেশি লাগলেও এখন শুধুই উদ্বোধনের পালা। রেল ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাবনাবাসী।
 
পাবনা রেল পথ নির্মাণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ সুবক্তগীন জানান, পাবনা রেল পথ নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষে হয়েছে, পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। এখন চলছে রেললাইনের সিগন্যাল বাতি লাগানো, রং করা হচ্ছে শেডে, লাইনে বসানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সব মিলে শেষ সময়ের কাজ চলছে পুরোদমে। তিনি আরো জানান, বৈরী আবহাওয়ার কারণে একটু সময় বেশি লেগেছে, আশা করছি ২০১৮ সালের জানুয়ারিতেই পাবনা থেকে যাত্রী নিয়ে রেল ছেড়ে যাবে। প্রথম পর্যায়ে একটি শাটল রেল পাবনা-ঈশ্বরদী -রাজশাহী রুটে চলাচল করবে।
 
পাবনা জেলার ১১টি থানার মধ্যে ৩টি থানার অল্প সংখ্যক মানুষ রেলপথ সুবিধা পেলেও জেলার মোট জনসংখ্যার বিরাট একটি অংশ এ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এ রেলপথ নির্মাণের দাবি ছিল পাবনাবাসীর দীর্ঘ দিনের। সেই অপেক্ষার পালা শেষ হতে চলছে। এখন রেল ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শহরবাসী।
 
এ ব্যাপারে ক’জন পাবনা বাসী বলেন- পাবনা নবনির্মিত রেল স্টেশনের সুবিধা পাবনাবাসী এখনই ভোগ করছে কারণ প্রতিদিন পাবনার হাজার হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে রেল স্টেশনে বিনোদন করতে আসে। জানুয়ারি রেল যাত্রা শুরু হবে এটা ভাবতেই ভালো লাগছে। এর ফলে পাবনার উন্নয়ন তরান্বিত হবে। এত বড় একটি প্রকল্প পাবনাবাসীকে উপহার দেয়ায় বর্তমান সরকারকে ধন্য জানান তারা।
 
ইত্তেফাক/এমআর