সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় র্যাবের অভিযানে প্রায় পাঁচ হাজার লিটার চোরাই তেলসহ আকাশ নামে এক চোরাই চক্রের সদস্য গ্রেফতার হয়েছে। বুধবার বিকাল হতে রাত পর্যন্ত চলা অভিযানে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার ও চোরাই তেল উদ্ধার করে।
র্যাব জানায়, গোদনাইল পদ্মা ডিপো সংলগ্ন রোডে চারটি চোরাই তেলের দোকানে অভিযান পরিচালনা করে ২৩টি তেলের ড্রামে ১৮৬০ লিটার ডিজেল, ৬৬০ লিটার অকটেন, ১৭২০ লিটার এটিএফ, ৪৪০ লিটার পেট্রোল ও ২২০ লিটার কেরোসিনসহ মোট ৪ হাজার ৯০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৮ হাজার ৭৮০ টাকা। চোরাই চক্রের সদস্য মোঃ আওয়াল, বাচ্চু মিয়া, নূর হোসেন ও কাসেম কৌশলে পালিয়ে যায়।
র্যাব আরো জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো এলাকায় ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু ট্যাংকলরির ড্রাইভার ও হেলপার নামমাত্র মূল্যে তেল ভর্তি লরি থেকে চুরি করে তেল বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে এই তেল সরবরাহ করে।
