‘বন্দুকযুদ্ধে’ চার মাদক ব্যবসায়ী ও এক ডাকাত নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২৩:১৭

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী ও একজন ডাকাত। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোরের মধ্যে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।  ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক রিপোর্ট, রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার কুতুবদিয়া গ্রামের বাসিন্দা। গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ভোরে ঢাকা উদ্যান এলাকায় র্যাবের চেকপোস্ট ছিল। এ সময় একদল অস্ত্রধারী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাতটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার প্রতিনিধি ও টেকনাফ সংবাদদাতা জানান, কক্সবাজার শহর ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার রাতে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম সাতঘড়িয়া পাড়া ও কক্সবাজার সৈকতের ডায়াবেটিস পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন। টেকনাফে নিহত আবুল কাশেম (৩২) হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আনু মিয়ার ছেলে ও কক্সবাজারে নিহত আমির খান (৩০) কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকার পল্যাইন্নাকাটা গ্রামের নূর বসর জনির ছেলে ।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘বন্দুকযুদ্ধে’ এএসআই অহিদ উল্লাহ (৩৯), কনস্টেবল হাবিব হোসাইন (২৩) ও তুহিন আহমেদ (২২) আহত হন। ঘটনাস্থল তল্লাশি করে দুটি দেশীয় এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, ডায়বেটিস পয়েন্ট এলাকায় দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। পরে সেখানে বিজিবি ক্যাম্প এলাকার শীর্ষ সন্ত্রাসী আমির খানের লাশ পড়ে থাকতে দেখা যায়।

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ফজলুল হক ফজু (৪৫) নিহত হয়েছেন। গতকাল ভোরে হাড়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। নিহত মাদক ব্যবসায়ী ফজলুল হক ফজু কাজিপুর খন্দকার পাড়ার সামছুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের চেমটখালী এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত দেলোয়ার একই ইউনিয়নের খুদুকখালী এলাকার নুরুল আলমের ছেলে। ঘটনাস্থল হতে চারটি দেশীয় রিভলবার ও ২২টি কার্তুজ উদ্ধার করে র্যাব। বাঁশখালী থানার এসআই আতিকুল ইসলাম জানান, দেলোয়ারের বিরুদ্ধে বাঁশখালী থানায় হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।