ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি

শিক্ষার্থীকে গ্রেফতারে পুলিশকে চিঠি দিল জবি প্রশাসন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২৩:২০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তারে পুলিশকে চিঠি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদকে গ্রেফতারের সুপারিশ করে পুলিশকে চিঠি দেওয়ার খবর নিশ্চিত করেছেন প্রক্টর ড. নূর মোহাম্মদ।

জানা যায়, একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেইজে শেয়ার করা নিউজের নিচে ‘ফরহাদ এইচ ফাহাদ’ নামের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির বেশ কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এর আগেও ফাহাদ বিভিন্ন সময় নিজেকে ‘ধর্মীয় মাওলানা’ দাবি করে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছিল বলে অভিযোগ আছে। এর পরই ফাহাদের ‘ফাঁসির’ দাবিতে কয়েক দিন ধরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছে তাবলীগ জামায়াত ও ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নূর-ই-আলম কোতয়ালি থানায় ফাহাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন। আরেক ছাত্রলীগ নেতা মিজানুজ্জামান খান শামীম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার স্থায়ী বহিষ্কার চেয়ে আবেদন করেছেন।

অভিযুক্ত শিক্ষার্থী ফাহাদের দাবি, ফেসবুকে স্ক্রিনশটগুলো বানোয়াট। ফেইক আইডি থেকে এগুলো করা হয়েছে। এখন অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এনিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সার্বিক বিষয়ে প্রক্টর ড. নূর মোহাম্মদ ইত্তেফাককে বলেন, এই কমেন্টগুলো সে করেছে আমরা নিশ্চিত হয়েছি যে, সে ইসলাম বিরোধী কথাবার্তা বলেছে । তার বিরুদ্ধে মামলার ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করতে পুলিশকে বলেছি। একাডেমিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা ভাবছি।