প্রধানমন্ত্রী ৪ জানুয়ারি নোয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন: সেতুমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:১০
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দুঃখ নোয়াখালী খাল পুনঃখনন ও সংস্কারের কাজ শুরু করা হবে। আগামী ৪ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ খনন কাজের উদ্বোধন করবেন। 
 
সোমবার জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নিয়ে নোয়াখালী খাল পুনঃখনন কাজের স্থানসমূহ পরিদর্শনকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, নোয়াখালী খাল পুনঃখনন ও সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা। দীর্ঘ ২৫ কিলোমিটার এ খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করবেন বাংলাদেশ সেনাবাহিনী। 
 
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের এমপি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি