সিরাজগঞ্জের কামারখন্দে জমি থেকে মুলা তোলায় রিফাত প্রাং নামে ৫ বছরের এক শিশুকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠেছে। রিফাত উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের চা বিক্রেতা মুকুল প্রাং এর ছেলে।
শিশু রিফাতের মা বুলবুলি বেগম অভিযোগ করেন, রবিবার বিকেলে আমার ছেলে রিফাত বাড়ির পাশে একই গ্রামের আজিজুল হক সরকারের ছেলে খোকনের জমি থেকে একটি মুলা তুলে। পরে খোকন আমার ছেলেকে হাত পা বেঁধে জমিতে নিয়ে গিয়ে বেধম মারপিট ও জোরপূর্বক তার মুখে মুলা ঢেলে দিয়ে বলে 'মুলা তুলেছিস মুলা খা'। এক পর্যায়ে আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ঘটনার দিন সন্ধ্যায় রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
শিশুটির মা আরো বলেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিবাদী আমাদের চাপ প্রয়োগ করছেন এবং বলছেন এ ঘটনা আমরা সামজিক ভাবে সমাধান করব।
এ ঘটনায় জমির মালিক খোকন বলেন, রিফাত আমার জমির সব মুলা নষ্ট করেছে তাই রিফাতকে জোর করে তুলে নিয়ে গিয়ে মুলা খাইয়েছি। আমি রিফাতের কোন হাত পা বাঁধি নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমএস সুমনুল হক বলেন, শিশুটি মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তার ডান চোখের কোণে একটি নখের আঁচরের দাগ রয়েছে। শিশুটির নিচের ঠোঁটের বাম পাশে কেটে যাওয়ায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তার শরীরের পিঠে ও পেটে চামড়া ফুলা ও প্রচণ্ড ব্যথা রয়েছে। প্রচণ্ড মানসিক নির্যাতনের কারণে শিশুটি কথা বলা বন্ধ হয়ে গেছে এবং কাউকে চিনতে পারছে না। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তবে শিশুটির খবরাখবর নেওয়ার জন্য হাসপাতালে অফিসার পাঠানো হবে। যদি বাদী অভিযোগ দায়ের করেন তবে মামলা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
