ফিলিংস্টেশনে ১৯ মৌচাক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২২:১৬
 
মৌ মাছি মৌ মাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না এক বার ভাই। ও ফুল ফুটে বনে যাই মধু আহরণে। দাঁড়াইবার সময় তো নাই। কবির এই কবিতায় মৌমাছির এমন ব্যস্ততার কথাই মনে করিয়ে দেয় তাহেরপুর পৌরসভার তাহেরপুর ফিলিংস্টেশনে বাসা বাঁধা ১৯ মৌচাকের মৌমাছির ব্যস্ততা দেখে। 
 
 
ওই ফিলিংস্টেশনের আশেপাশের বিভিন্ন সরিষা ক্ষেতে মধু সংগ্রহ করতে এখন চরম ব্যস্ত সময় পার করছে সেখানকার মৌমাছিরা। পেট্রোল পাম্পে কে এলো গেলো তা দেখার সময় তাদের নেই। পেট্রোল পাম্পটিতে তেল নিতে আসা গ্রাহকরা মৌমাছিদের এমন ছুটোছুটি দেখে বিস্ময় প্রকাশ করছেন অনেকে। 
 
পাম্পটির মালিক তাহেরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান শেখ জানান, দু’মাস ধরে তার পেট্রোল পাম্পটিতে মৌমাছিরা আশ্রয় নিয়েছে। তিনি ওই পাম্পের কর্মচারীদের বলে দিয়েছেন মৌমাছিদের যেন কেউ বিরক্ত না করে-তা দেখে রাখতে। 
 
পাম্পের ম্যানেজার ডালিম জানান, এসব মৌমাছি খুবই ভদ্র স্বভাবের। তারা এ পর্যন্ত কাউকে আক্রমণ করেনি। স্থানীয় এক মৌয়ালকে (মধু সংগ্রহকারী) এসব মৌচাক দেখালে তিনি জানান, আর কিছু দিন পর এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করা যাবে। তার মতে, বর্তমান বাজার দরে এখান থেকে প্রায় অর্ধ লাখ টাকার মধু সংগ্রহ করা সম্ভব হবে।
 
ইত্তেফাক/আরকেজি