নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও, কালনী, হিরনাল, টেক দাসেরদিয়া এলাকায় গত ১০ ও ১১ এপ্রিল উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কয়েকটি হাউজিং প্রকল্পের অবৈধ সাইনবোডর্, স্থাপনা, ব্যানার অপসারণ করেছে। এ সময় কৃষি জমি ও জলাশয় ভরাট করার বালুর পাইপের লাইন খুলে দেওয়া হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে সহস্রাধিক কৃষকের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, অবাধে কৃষি-ফসলি জমি ও জলাশয় ভরাট করার প্রতিবাদে গোবিন্দপুর গ্রামের কৃষক হুমায়ুন কবির মিঠু হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। পরে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দী হাউজিং প্রকল্পগুলোর অবৈধ বালু ভরাট কাজ বন্ধ করে কাগজপত্র চার সপ্তাহের মধ্যে আদালতে প্রদানের জন্য আদেশ দেন। কিন্তু আদালতের এ আদেশ অমান্য করে স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় তারা ওই এলাকার জলাশয় ও কৃষি জমিতে বালু ভরাট করে যাচ্ছে। তখন ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, রূপগঞ্জে কাউকে অবৈধ কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে সকল অনিয়মই বন্ধ করে দেওয়া হবে।
