স্ত্রীসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:৩০

মাদকবিরোধী বিশেষ অভিযানে টঙ্গী থেকে ৩২ হাজার ৫০টি ইয়াবাসহ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় সাংবাদিকের স্ত্রীসহ চার জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ইয়াবা বিক্রির ৮ লাখ চৌত্রিশ হাজার ৫শ’ চল্লিশ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রুবেল আহমেদ (৩৯), বশির আহমেদ (২৮), জান্নাতুল ফেরদৌস রিবা (১৯) ও আনিসুর রহমান (২১)। র্যাব বলছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে বশির আহমেদ ও জান্নাতুল ফেরদৌস রিবা স্বামী-স্ত্রী। বশির আহমেদ নিজেকে একটি অনলাই পোর্টালের সাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবার ব্যবসা করত। বুধবার রাতে আনারকলি সড়কে এই বিশেষ অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম।

তিনি জানান, আগেই গোয়েন্দা তথ্য পাওয়া যায়, টঙ্গীর আনারকলি সড়কে একটি বহুতল ভবনের সামনে ইয়াবার বড় চালান হাতবদল হবে। সেজন্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ওখানে অবস্থান করছে। এ তথ্যে অভিযান পরিচালনা করে ভুয়া সাংবাদিক দম্পতিসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩২ হাজার ৫০টি ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৮ লাখ চৌত্রিশ হাজার পাঁচশত চল্লিশ টাকা, ১ টি পাসপোর্ট, ১টি ব্ল্যাংক চেক, অনলাইন পত্রিকার ১টি ভুয়া আইডিকার্ড ও ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার রুবেল আহমেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার (ব্যবস্থাপক) পদে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের মালিক রহমান খান রাহুল তাকে ইয়াবা ব্যবসার প্রস্তাব দিলে দ্রুত ধনী হওয়ার লোভে সে এ ব্যবসায় জড়িয়ে পড়ে। রাহুল মাদক সিন্ডিকেটের চট্টগ্রামের রহমতউল্লাহর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় করিয়ে দেয়। এই রহমতউল্লার নির্দেশেই রামপুরার বৌবাজারে গিয়ে অপরিচিত এক লোকের কাছ থেকে এই চালান গ্রহণ করে সে।

র্যাব-১ এর অধিনায়ক আরো জানান, রুবেল নিজ বাসায় এনে ইয়াবা রাখে। পরে রহমতউল্লা নির্দেশ দেয় খুলনার মো. রাজুর পাঠানো প্রতিনিধি মো. বশির আহমেদকে চালানটি বুঝিয়ে দিতে। নির্দেশ মত রুবেল ইয়াবার চালান বশিরকে বুঝিয়ে দেন। বশির নিজেকে একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়ের আড়ারে ইয়াবা বিভিন্ন জায়গায় পৌঁছে দিত।