লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের আজ অষ্টমী স্নান শুরু

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:৩০

নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান উত্সব। শুল্কাতিথি অনুযায়ী আজ সকাল ১১টা ৪৮ সেকেন্ডে লগ্ন শুরু হবে। দুই দিনব্যপী এ স্নান উত্সব শেষ হবে আগামীকাল শনিবার সকাল ৮টা ৫৮ মিনিট ১৪ সেকেন্ডে। আগত পুণ্যার্থীদের নিরাপত্তা জোরদারে জেলা ও উপজেলা প্রশাসন লাঙ্গলবন্দে ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় পুণ্যার্থীরা লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শুরু করবেন। দেশি ও বিদেশি ভক্তদের স্নান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সরেজমিনে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে গিয়ে দেখা গেছে, স্নানের পর নারী পুণ্যার্থীদের কাপড় বদলের ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলোর পাশে কয়েকটি ছোটো রুম থাকলেও চাহিদার তুলনায় অনেক কম। তবে স্নান উপলক্ষে ৩৩টি ধর্মীয় স্বেচ্ছাসেবী সামাজিক সেবামূলক সংগঠন পুণ্যার্থীদের সেবা দিতে ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার ও চিকিত্সা সেবা দেওয়া হবে।