ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট ও তথ্য গোপনের অভিযোগে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আটকের ঘটনায় স্থগিত হওয়া কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট চলতি মাসের ১৭ তারিখে পুনরায় গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।
গত ৩১ মার্চ ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে এক যোগে ১৪৮ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলাকালে কান্দাপটল কেন্দ্রে অনিয়ম ধরা পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। এছাড়া ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল বাশার ছিলেন সমপ্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান। পরিচয় গোপন করে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করায় এবং তার সহযোগিতায় জাল ভোট দেওয়ার অভিযোগে ম্যাজিস্ট্রেট তাকে আটক করে।
পরে ভোট গণনা শেষে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। অনিয়মের অভিযোগে ওই কান্দাপটল কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পুরো ফলাফল স্থগিত করা হয়। ফলাফলে দেখা যায় উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান ভোট পান ৩৯০০১টি। অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস হোসেন ৪০৫৬৬ ভোট পান। আর স্থগিত কেন্দ্রের ভোটারের সংখ্যা ১৮৯১ জন।
