জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে পাকিস্তানকে : ইউনিস

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮
আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজে জয়ের ধারাবাহিকতা পাকিস্তানের অ্যাবহত রাখতে হবে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ইউনিস খান। পাকিস্তানের হয়ে ১১৮ টেস্ট, ২৬৫ ওয়ানডে ও ২৫টি টি২০ খেলা ইউনিস বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সর্বশেষ দু’টি দ্বিপক্ষীয় সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে জিতেছে পাকিস্তান। আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে পাকিস্তানকে।’
 
চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। আজহার আলীর নেতৃত্বে সিরিজটি হেরেছিলো পাকিস্তান। তাই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয় আজহারকে। ফলে দলের দায়িত্ব পান সরফরাজ আহমেদ। তার নেতৃত্বে এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। চার ম্যাচের টি২০ সিরিজও ৩-১ ব্যবধানে জিতেছিলো তারা। 
 
ওয়েস্ট ইন্ডিজ সফরে এমন সাফল্য নিয়ে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামে পাকিস্তান। চিরপ্রতিন্দ্বন্দি ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের স্বাদ নেয় সরফরাজের দল। এরপর শ্রীলংকার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ও তিন ম্যাচের টি২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। তবে ঐ সিরিজে দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। 
 
তাই চ্যাম্পিয়ন ট্রফিসহ সর্বশেষ দু’টি দ্বিপক্ষীয় ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজ জয়ের এই ধারাবাহিকতা আসন্ন নিউজিল্যান্ড সফরেও পাকিস্তানের অব্যাহত রাখা উচিত বলে মনে করেন দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিস। তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ জয়ের ধারাবাহিকতা অ্যাবহত রাখা। জয়ের অভ্যাস হয়ে গেলে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় চাপ কমই থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও শ্রীলংকার বিপক্ষে সেরা ক্রিকেটই খেলেছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা পারফরমেন্সই প্রদর্শন করতে হবে পাকিস্তানকে।’
 
সর্বশেষ দু’টি সিরিজে পাকিস্তান যেভাবে খেলেছে এই স্টাইলে খেলা চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন ইউনিস। তিনি বলেন, ‘যে স্টাইলে আমরা সাফল্য পেয়েছি, এভাবেই আমাদের খেলা চালিয়ে যাওয়া উচিত। নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলা সবসময়ই কঠিন। তারপরও স্টাইলে খুব বেশি পরিবর্তন করা উচিত নয়। দলকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে এবং সাফল্যের জন্য মুখিয়ে থাকতে হবে।’
আসন্ন নিউজিল্যান্ড সফরটি তরুনদের জন্য বড় পরীক্ষাও বলে মনে করেন ইউনিস। এছাড়া এই সফরটি তরুনদের সামর্থ্য প্রমানের প্লাটফর্ম হবে বলে মনে করেন ইউনিস, ‘দেশের কন্ডিশনে যখন ভালো পারফরসেন্স হবে, তখন এটি খুবই কম মানুষই তা মনে রাখবে। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভালো পারফরমেন্স করতে পারলে সবাই এটি মনে রাখবে এবং সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত করবে। তাই এই নিউজিল্যান্ডের সফর তরুনদের সামনে নিজেদের প্রমানের দারুন সুযোগ।’
 
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের স্মৃতি দলকে ও তরুনদের উজ্জীবিত করবে বলে দৃঢ় বিশ্বাস ইউনিসের, ‘তরুন অধিনায়কের অধীনে আমাদের দলটিও বেশ তরুন। এই দলের খেলোয়াড়রা ভালো কিছু করার জন্য মুখিয়ে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দলের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। নিউজিল্যান্ড সফরেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দলকে উজ্জীবিত রাখবে।’
 
ওয়েলিংটনে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। ২২ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। বাসস।
 
ইত্তেফাক/ রেজা