মিঠাপুকুরে সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাকে দোকান করে দিল ‘জেগে আছি’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২২:১৩

মিঠাপুকুরে সুবিধাবঞ্চিত বীর মুক্তিযাদ্ধা মোকলেছার রহমানকে স্বাবলম্বী করে তুলতে মুদি দোকান করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জেগে আছি’। আজ মঙ্গলবার উপজেলার কুমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দোকানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান শেখ, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দৈনিক ইত্তেফাকের মিঠাপুকুর সংবাদদাতা শামিম আখতার, সাংবাদিক হাবিবুর রহমান সোনা, হোসাইন সবুজ আহম্মেদ, ইত্তেফাকের এজেন্ট আব্দুল ওয়াজেদ প্রমুখ।

১৯৭১ সালে মোকলেছার রহমান একজন টগবগে যুবক। মিঠাপুকুরের ময়েনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব একেএম হানিফ সাহেবের অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের কোচবিহার হয়ে টাপুরহাট ক্যাম্পে যান। ২০ দিন প্রশিক্ষণ নেয়ার পর শিলিগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ৬নং সেক্টরে কমান্ডার খাদেমুল বাশারের নেতৃত্বে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিস্তা নদী ও ঘাঘট নদ এলাকায়। দেশের জন্য বিজয় ছিনিয়ে আনলেও জীবন যুদ্ধে পরাজিত মোকলেছার রহমান।

বর্তমানে দিনমজুর মোকলেছার রহমান স্ত্রী রনজিনা বেগমকে নিয়ে অতিকষ্টে দিনযাপন করছেন। ২ ছেলে রজ্জব ও বেলালও দিনমজুর। ২ মেয়ে মাকসুদা ও হাওয়া বেগমকে বিয়ে দিয়েছেন। নিজের জায়গা জমি না থাকায় খাস জমিতে বাস করেন তিনি। মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান অন্যের বাড়িতে কাজ করেন। তা দিয়ে যে যৎসামান্য আয় হয়, তাতেই বহু কষ্টে জীবন যাপন করেন। তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পর ঢাকাস্থ সংগঠন ‘জেগে আছি’ তাঁর আয়ের জন্য নিত্যপণ্য সামগ্রীর দোকান করে দিয়েছে।

‘জেগে আছি’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাব এডিটর নুহু আব্দুল্লাহ্ জানান, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানো ’জেগে আছি’র কাজ। এ পর্যন্ত সারাদেশে ছড়িয়ে থাকা কয়েকশত সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘জেগে আছি’। এর ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মোকলেছার রহমানকে স্বাবলম্বী করে গড়ে তুলতে দোকান ঘর নিমার্ণ করে দেওয়া হয়েছে। এবং দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ বছর মিঠাপুকুরের শাল্টিরহাট এলাকায় আরেক অবহেলিত মুক্তিযোদ্ধা সোলায়মান শেখকেও দোকান ঘর নির্মাণ করে দেয় ’জেগে আছি’।

ইত্তেফাক/নূহু