আগামী বছরের শুরুতেই কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোতে বাংলাদেশ দূতাবাসে নতুন কনস্যুলেট অফিসের কার্যক্রম শুরু হবে বলে খবরে প্রকাশ। ইতোমধ্যে পর রাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে ঢাকা থেকে জানা গেছে।
এদিকে দূতাবাসের প্রথম সচিব দেওয়ান মাহমুদ ইত্তেফাককে জানান, অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার দূতাবাসের বিজয় দিবস অনুষ্ঠানে এবং আশ্রম ম্যাগাজিনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের জন্য এই সরকারি চূড়ান্ত সিদ্ধান্তের সংবাদ অবগত করেন।
আরো জানা গেছে, দূতাবাসের মিনিস্টার নাঈমউদ্দিন টরন্টোস্থ কনস্যুলেট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নতুন অফিস নেয়ার বিষয়টি চূড়ান্ত না হলেও প্রাথমিক যাবতীয় প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের নতুন সাতটি শহরে চালু হতে যাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক দপ্তর। মন্ত্রীসভায় অনুমোদিত কনস্যুলেট সাতটি শহরগুলো হচ্ছে- কানাডার টরন্টো, অস্ট্রেলিয়ার সিডনি, আফগানিস্তানের কাবুল, সুদানের খার্তুম, সিয়েরা লিওনের ফ্রিটাউন, রোমানিয়ার বুখারেস্ট এবং ভারতের চেন্নাই।
প্রসজ্ঞত, অপর দিকে কানাডার কুইবেকে একজন অনারারী কনসাল নিয়োগ দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবরে প্রকাশ। এই নিয়ে কানাডা প্রবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জনৈক জামিলুর রহিম নামের এই ব্যক্তিকে নিয়োগ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে কুইবেকে সম্প্রতি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/আনিসুর
