শাবান মাসের চাঁদ দেখা নিয়ে ‘জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায়’ আগামীকাল শনিবার সকালে জরুরি সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় যারা গত ৬ এপ্রিল চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদেরও থাকতে বলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা হবে বলে গতকাল ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গত শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আগামী ২১ এপ্রিল রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত হয়। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এদিন সারাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত অর্থাত্ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করা হবে।
তবে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।
সংগঠনের সভাপতি আল্লামা আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান বলেন, এবার ২৯ রজবুল হারাম শরীফ বাদ মাগরিব দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলেও তারা সেটাকে আমলে না নিয়ে দ্বীনদার মুসলমানদের বিশ্বাস ভঙ্গ করেছেন এবং এখনো তাদের ভুল সিদ্ধান্তে অটল রয়েছেন।
৬ এপ্রিল খাগড়াছড়িতে চাঁদ দেখার পর অনেকে জেলা প্রশাসককে ফোনে জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি। কিন্তু জেলা প্রশাসক বিষয়টি আমলে নেননি বলে জানান রুহুল হাসান।
ওই দিন ‘চাঁদ দেখার’ বিষয়টি পর্যালোচনা না করে তড়িঘড়ি করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় বলে অভিযোগ করেন তারা।
ফলে শবে বরাতের ‘ভুল’ তারিখ ঘোষণার অভিযোগে জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ দাবি করেন সংগঠনটির নেতারা।
দুপুরে ওই সংবাদ সম্মেলনের পর শনিবার জরুরি বৈঠক আহবানের কথা জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
