বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড

বিএনপি নেতা তাসভীরের জামিন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:৪২

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় ওই ভবনের অন্যতম মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে জামিন দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন ২০ হাজার টাকা মুচলেকায় এ জামিন আদেশ দেন। আদেশে বলা হয়, আসামির বয়স, অসুস্থতা ও হাজতবাসসহ যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে তার জামিনের আবেদন মঞ্জুর করা হলো। 

মামলা সূত্রে জানা গেছে, বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর যে স্থানে ২৩ তলা এফ আর টাওয়ার নির্মাণ করা হয়েছে, সেই জমির মূল মালিক প্রকৌশলী ফারুক। অংশীদারিত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড। সে কারণে সংক্ষেপে ভবনের নামকরণ করা হয় এফ আর টাওয়ার। আধাআধি ভাগ হলেও রূপায়ন পরে বিভিন্ন ফ্লোর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। এর মধ্যে ২১, ২২ ও ২৩ তলার মালিকানা রয়েছে প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হাতে। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে তিনি এফ আর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি। গত ২৮ মার্চ ওই ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যুর পর জানা যায়, ১৮ তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩ তলা করা হয় এবং সেখানে অগ্নিনিরাপত্তার ব্যবস্থাও যথাযথ ছিল না।