দেশের বিমানবন্দরগুলোতে সংসদ সদস্যসহ ভিআইপিদের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি শিথিল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অনুরোধ অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ধরনের অনুরোধ অগ্রাহ্য করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে যে, সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের বিমানবন্দরগুলোতে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা তল্লাশি শিথিলের অনুরোধ জানিয়েছেন কমিটির সদস্যরা। এই প্রস্তাবে আমরা উদ্বিগ্ন। কারণ এ ধরনের প্রস্তাব সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বৈষম্যমূলক ও ক্ষমতার অপব্যবহারের শামিল। টিআইবি মনে করে, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা এমনিতেই নানাবিধ সাংবিধানিক প্রাধিকার ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। এর বাইরে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে তাদের বিশেষ সুবিধা বা শিথিলতা প্রদান করা হলে তা যেমন অসাংবিধানিক তেমনি গণতান্ত্রিক চর্চার জন্য আত্মঘাতীমূলক। তাই আমরা আশা করি, সরকার এ ধরনের অনিয়মকে কোনোভাবেই উত্সাহিত করবে না।
তিনি আরো বলেন, নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, এই যুক্তিতে ভিআইপিদের জন্য শিথিলের এ অন্যায্য প্রস্তাব গৃহীত হলে তা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নিয়মকানুনের সঙ্গে সাংঘর্ষিক হবে।
