বিড়ির আগুন থেকে ১০টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী বাজারে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাজারের রবিউল ইসলাম বেডিং হাউজে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে অরন্ন এন্টারপ্রাইজ, হুমায়ুন মেশিনারিজ, বিসমিল্লাহ স্যানিটারি, আব্দুল হাই ইলেক্ট্রনিক্স, সুধাম ইলেক্ট্রনিক্স, হারুণ ইলেক্ট্রনিক্স, ক্যান্টনমেন্ট স্টোর, সমীরন ফলঘর ও পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জনগণ এবং উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।
প্রাথমিক ক্ষতির হিসাব না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান- নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান, অফিসার ইনচার্জ হাবিল হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন।
সূত্র জানান, বেডিং হাউজের কর্মচারীরা বিড়ি খেয়ে মনের অজান্তে পাশে তুলার মধ্যে বিড়ির জ্বলন্ত শেষাংশ ফেলে দেয়। সেখান থেকে মুহূর্তের মধ্যে তুলায় আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে।
ইত্তেফাক/জামান
