মানসম্মত শিক্ষা অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক এবং শিক্ষা প্রশাসক তৈরিতে উদ্যোগ নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএড কোর্সের উদ্বোধন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ন্যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হলেও বাংলাদেশে এই প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠা করা হলো। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে এক অনুষ্ঠানে নোবিপ্রবির শিক্ষা বিজ্ঞান অনুষদের অধীন শিক্ষা বিভাগের বিএড (স্নাতক) কোর্সের উদ্বোধন এবং কারিকুলাম পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ গোলাম সামদানি ফকির এবং নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/জামান
