ফেব্রুয়ারিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হতে যাচ্ছে বেসিস সফটএক্সপো। ২২-২৪ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী আয়োজিত হবে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় এই প্রদর্শনী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে এবার প্রায় দুইশো দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নিজেদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকছে।
প্রদর্শনী এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন এবং ক্লাউড কম্পিউটিং জোন। থাকবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন এক শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ।
থাকছে দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য বি-টু-বি ম্যাচমেকিং সেশন। যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পসার খুব সহজেই করতে পারবেন। পাশাপাশি থাকবে আইটি জব ফেয়ার জোন, যেখান থেকে দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ থাকছে।
বেসিস সফটএক্সপো ২০১৮ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুইশো প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।
সফটএক্সপো ২০১৮তে বেসিস সদস্যদের জন্যে অগ্রিম স্টল বুকিং চলছে। অগ্রিম স্টল বুকিংয়ের জন্য https://drive.google.com/file/d/1xR4z2IvNvAlkCMN12emYxaBLzvgxT2R7/view লিঙ্কে ক্লিক করে ফরম পূরণ করতে হবে।
ইত্তেফাক/ইউবি
