তালার ভৈরবনগর সড়ক যেন মরণ ফাঁদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০১:৫৪

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগরের রাস্তাটি যেন মরণ ফাঁদ। এ সড়কে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত পথচারীরা। তারা সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সরজমিনে দেখা যায়, ভৈরবনগর জামে মসজিদের সামনে শত শত মানুষের চলাচলের সড়কটির উপর নির্মিত ব্রিজটির অর্ধেকের বেশি অংশ ভাঙা। প্রায় এক মাস যাবত্ রাস্তাটি ভেঙে গেলেও অদ্যাবধি মেরামতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। এছাড়া ব্রিজটির দুইপাশে কোনো সংকেত বা নিশানা না থাকায় ঝুঁকির মধ্যে চলাচল করতে হয় পথচারীদের। কিছুদিন আগে রাস্তা দিয়ে চলার সময় এক সাইকেল আরোহী ব্রিজের ভিতর পড়ে গুরুতর আহত হয়।

এ ব্যাপারে নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু বলেন, ব্রিজটির মাপ দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অতি দ্রুত সমস্যার সমাধান হবে ।

তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম বলেন, ব্রিজ নির্মাণের কার্যক্রম চলছে।

ইত্তেফাক/নূহু