স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার দল সরকারের উন্নয়নমূলক কোনো কাজ চোখে দেখে না। আগামী বছরের বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে এ দেশের জনগণ ভোটের মাধ্যমে ওদের দিন কানা রোগের চিকিৎসা দেবে। আবারো নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।
রংপুর সিটি নির্বাচনসহ অন্যান্য নির্বাচন এ সরকারের আমলে সুষ্ঠু হয়েছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে অংশ নিয়ে তারা হারলে কারচুপির অভিযোগ করে, এটি তাদের পুরানো অভ্যাস।
শুক্রবার তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া-কুড়িপাড়া চৌরাস্তার ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন শেষে আয়োজিত এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুর উপজেলা পরিষদ মাঠে ১১৮ জন ভূমিহীনের মাঝে কৃষি খাসজমির দলিল হস্তান্তর, জমির ক্ষতিপূরনের চেক বিতরণ করেন। কাজীপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বেড়িপোটলে আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
জনসমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার দল আবারো মাঠে নেমেছে, তারা জ্বালাও পোড়াও এবং পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র করবে। তিনি আমেরিকা ভারতসহ বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ঠিক সে ভাবেই সংবিধান অনুযায়ী বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই।
এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ কারিন, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
