বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসতে চাইলে যে কোন মূল্যে জনগণ তা প্রতিহত করবে। আওয়ামী লীগসহ ১৪ দল মাঠে থাকবে। জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।
শনিবার দুপুরের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আইডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান। পরে মন্ত্রী শহর থেকে ৫ কিমি দূরে শিয়ালকোলে প্রায় এক শ বিঘা জমির উপর নির্মাণাধীন শহীদ এম.মনসুর আলী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় তার সাথে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, প্রকল্প পরিচালক ডা. বাকির হোসেন, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
