রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ‘নাভালনি নিষিদ্ধ’ বহাল আদালতেও

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:০৮
 
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারছেন না অ্যালেক্সেই নাভালনি। নির্বাচন কমিশন তাকে নিষিদ্ধ ঘোষণার পর আদালতও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। আগামী বছরের ১৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের
 
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা নাভালনির আপিল গতকাল শনিবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। কারাদণ্ড ভোগ করায় গত সপ্তাহে নাভালনিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। একজনবাদে কমিশনের সবাই এই সিদ্ধান্তের পক্ষে মত দেন। সুপ্রিম কোর্টে শুনানির সময় নাভালনি উপস্থিত ছিলেন না।
 
সুপ্রিম কোর্টের রায়ের পর নাভালনি টুইটারে বলেন, তিনি এবং তার সমর্থকরা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনকে স্বীকৃতি দেবে না এবং তিনি আবারো সবাইকে নির্বাচন বয়কট করার আহবান জানান।
IMG0
নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট পুতিনই সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হলেও ক্ষমতাসীন দল তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। পুতিন গত ১৮ বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন।
 
ইত্তেফাক/এমআর