নিখোঁজের চারদিন পর মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটের নিকট পদ্মায় ভেসে উঠল বাস সুপারভাইজার মকবুল হাজরার (৩২) মরদেহ। রবিবার সকালে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত মকবুল চাঁদপুর জেলার লালপুর গ্রামের ইসমাইল হাজরার ছেলে। তিনি দূরপাল্লার সোহাগ পরিবহনে সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন।
পুলিশ জানায়, পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে গত বৃহস্পতিবার দুপুরে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে নিমজ্জিত হয়। ঐ সময় পন্টুনে ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সুপারভাইজার মকবুলসহ কয়েক যাত্রী দুর্ঘটনাকবলিত ট্রাকের ধাক্কায় নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় যাত্রীরা পাড়ে উঠে আসলেও মকবুল নিখোঁজের বিষয়টি কেউ আমলে নেয়নি। পরদিন শুক্রবার ফায়ার সার্ভিস ডুবুরি দল নিমজ্জিত ট্রাকটি উদ্ধারে সক্ষম হলেও মকবুলের সন্ধান করতে পারেনি।
নিহতের পরিবারের অভিযোগ, মকবুল নিখোঁজের বিষয়টি গত শুক্রবার রাতে শিবালয় থানায় সাধারণ ডায়রি করা হলেও পুলিশ ও ডুবুরি দল তা আমলে নেয়নি। অবশেষে রবিবার সকালে দুর্ঘটনা স্থলের পাশে পদ্মায় মকবুলের মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ইত্তেফাককে জানান, নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জামান
